ঢাকা মহানগরীতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রের প্রতিটিতে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, মহানগরীতে মোট ১ হাজার ৬১৪টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে চারজন এবং ৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন ঘিরে ডিএমপির ২৫ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
