টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানোর সম্ভাবনা নিয়ে ভাবছে আইসিসি, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। রবিবার (৪ জানুয়ারি) ছুটির দিন থাকায় এ বিষয়ে কোনো বৈঠকও হয়নি। তবে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের দাবি, ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের ব্যাপারে আইসিসির দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং এক–দুই দিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায়। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ২৪ ঘণ্টার পরিস্থিতি পর্যালোচনা করে বোর্ড ভারতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা ঝুঁকি ও বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভারতে গিয়ে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
