চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর আটক ও মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, গত রাতে ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায়, যার ফলে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মির্জা ফখরুল বলেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের বিচারবহির্ভূত ঘটনা দেশের জন্য শুভ নয়। শামসুজ্জামান ডাবলুর উপর চালানো অমানবিক নির্যাতন দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেকোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু ডাবলুকে ধরে নিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আমি এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি।”
বিবৃতিতে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি করেছেন। এছাড়া, শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন।
