ঢাকায় আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলিতে বাংলাদেশি আহত হওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনান মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা।
বাংলাদেশ মিয়ানমারকে স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যতে এমন আন্তসীমান্ত গোলাগুলির পুনরাবৃত্তি রোধে তাদের পুরো দায়িত্ব নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি, বাংলাদেশের মানুষের জীবন ও জীবনযাত্রার ওপর কোনোভাবেই মিয়ানমারের ঘটনা প্রভাব ফেলতে পারবে না।
মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বাস দিয়েছেন, তার সরকার এ ধরনের ঘটনা পুনরায় ঘটবে না তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবে এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকাল ৯টার দিকে রাখাইন রাজ্য থেকে সীমান্তে ছোড়া গুলিতে শিশু হুজাইফা আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সোমবার সকালে হোয়াইক্যাং সীমান্তে একটি স্থলমাইন বিস্ফোরণে ২৮ বছর বয়সী যুবক মো. হানিফের বাঁ পা কেটে গেছে।
