স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে নির্বাচন পরিচালনার প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয়ভাবে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে। সদস্যসচিব হয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য চার সদস্য হলেন কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।
দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সব বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতাদের এই ছয় সদস্যের কমিটিকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
