অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ থেকে স্বৈরাচার দূর করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, তবে দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সময়ে শিশুদের হামের টিকা আমদানির উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে টিকা সরবরাহে ইউনিসেফ সহায়তা করছে উল্লেখ করে তিনি জানান, দ্রুততার সঙ্গে হামের ভ্যাকসিন পাঠানোর কারণে সরকার তা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রায় দুই কোটি শিশুকে এই হামের টিকা প্রদান করা হবে।
এ সময় টেস্টিং কিটের কিছু ঘাটতির কথাও স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিষয়টি সমাধানে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে বেশ কিছু কিট দেশে পৌঁছেছে। একটি কিট দিয়ে তিনজন শিশুর পরীক্ষা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। আরও কিছু কিট বর্তমানে ঢাকার কাস্টমস ও বিমানবন্দরে রয়েছে বলে জানান তিনি।
