You are currently viewing ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ শহর গড়তে প্রধানমন্ত্রীর বহুমুখী পরিকল্পনা

ঢাকাকে ‘ক্লিন-গ্রিন’ শহর গড়তে প্রধানমন্ত্রীর বহুমুখী পরিকল্পনা

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী পরিকল্পনার কথা জাতীয় সংসদে তুলে ধরেছেন তারেক রহমান।

বুধবার সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, রাজধানীকে ‘ক্লিন-গ্রিন’ শহরে রূপান্তর করতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদর সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সড়কের মিডিয়ান, আইল্যান্ড ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রম চলছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিলকে আধুনিক সার্কুলার ইকোনমিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ‘জিরো ওয়েস্ট’ বাস্তবায়ন সম্ভব হয়।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নগর বনায়নের অংশ হিসেবে মিয়াওয়াকি পদ্ধতিতে সবুজায়ন কার্যক্রম চালু রয়েছে। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোরেলের নিচের খালি জায়গা ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বায়ুদূষণ কমাতে আধুনিক গণপরিবহন চালু ও ২৫০টি ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, নির্মাণকাজ ও ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকার আশপাশের এলাকায় ইটভাটার কার্যক্রম সীমিত করা হয়েছে এবং দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। নদী, খাল ও জলাশয় দূষণ রোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনা ও ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি ঢাকামুখী জনস্রোত কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প, শিক্ষা ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে রাজধানীর ওপর চাপ কমে।

Leave a Reply