You are currently viewing হামে আক্রান্ত শিশুদের ঘিরে হাসপাতালে উদ্বেগে স্বজনরা

হামে আক্রান্ত শিশুদের ঘিরে হাসপাতালে উদ্বেগে স্বজনরা

রাজধানীতে হামের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে বাড়ছে শিশু ভর্তি। গত ২৪ ঘণ্টায় শিশু হাসপাতালে হামে আক্রান্ত ২২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪২ শিশু। এতে উদ্বেগ বেড়েছে অভিভাবক ও স্বজনদের মধ্যে।

নারায়ণগঞ্জের বাসিন্দা সায়মা আক্তারের ছয় মাস বয়সী যমজ কন্যা খাদিজা ও ফাতেমা হামে আক্রান্ত হয়। গত শুক্রবার ঢাকার তিনটি হাসপাতাল ঘুরে অবশেষে দুই শিশুকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি করেন তিনি। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শনিবার ফাতেমাকে ছাড়পত্র দেওয়া হয়। তবে বাড়িতে নেওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ে শিশুটি। শয্যা সংকটের কারণে এখন তাকে পুনরায় শিশু হাসপাতালে ভর্তি করানো যাচ্ছে না।

গতকাল মঙ্গলবার হাসপাতালে ফাতেমার নানি সোনিয়া আক্তার বলেন, যমজ দুই শিশুর একজন চিকিৎসা পেলেও অন্যজনকে ভর্তি করাতে না পারায় তারা দুশ্চিন্তায় আছেন।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শিশু হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে খাদিজাসহ হামে আক্রান্ত ৫২ শিশু সেখানে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২২ শিশু। শয্যা সংকটের কারণে নতুন রোগী এলেও ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না। একই অবস্থা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালেও। সেখানে শয্যার অভাবে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করা যাচ্ছে না, ফলে বাড়ছে স্বজনদের উদ্বেগ ও ভোগান্তি।

Leave a Reply