ক্ষমতায় এলে প্রাথমিক শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা হবে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিশুদের সঠিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বহুগুণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে এ লক্ষ্য বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজয়ী প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষাব্যবস্থার ভিত্তি। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ শেখানো জরুরি। এ কারণেই বিএনপি প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায়।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য করে তুলতে চাই। এজন্য তাদের জন্য আধুনিক ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সেই প্রশিক্ষণে একদিকে যেমন একাডেমিক দক্ষতা বাড়ানো হবে, তেমনি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শিশুদের মধ্যে কীভাবে বিকশিত করা যায়, সেটিও শেখানো হবে।’
সাইবার বুলিং প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ছোটবেলা থেকেই শিশুদের সঠিক ও ভুলের পার্থক্য শেখানো গেলে ভবিষ্যতে তারা ন্যায়-অন্যায় সহজেই বুঝতে পারবে। তাঁর ভাষায়, ‘শিশুদের শুরু থেকেই যদি শেখানো যায় কোনটা ঠিক, কোনটা ভুল, তাহলে একসময় সেটাই তাদের চিন্তা ও আচরণের অংশ হয়ে যাবে।’
