You are currently viewing ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়াল, ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পাল্টা হামলা আইআরজিসির

ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়াল, ক্ষেপণাস্ত্র ও ড্রোনে পাল্টা হামলা আইআরজিসির

ইরান ও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (৪ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ‘অপারেশন ফতেহ্ খাইবার’-এর পঞ্চম দিনে ইরানের ইসলামিক রেভ্যলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মোট ১৭ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা।

অভিযানের ষষ্ঠ দিনে মধ্যরাতে আবারও ইসরায়েলের দিকে নতুন করে মিসাইল ছুড়ে তেহরান। বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ

এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের দিকেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে আঙ্কারা দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেটি সফলভাবে ভূপাতিত করেছে। একই সময়ে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কামিশলি শহরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠনের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। দেশটির ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও তেহরানের একটি ড্রোন আঘাত হানে বলে জানা গেছে।

এদিকে সৌদি আরব দাবি করেছে, রাজধানী রিয়াদের কাছের আল-খার্জ শহরের দিকে ছোড়া ইরানের তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।

Leave a Reply