You are currently viewing পঞ্চগড়ে সারজিসের পক্ষে মাঠে ইসলামী আন্দোলন

পঞ্চগড়ে সারজিসের পক্ষে মাঠে ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আসনে ইসলামী আন্দোলনের নিজস্ব কোনো প্রার্থী না থাকায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। স্থানীয় নেতাদের ভাষ্য, পঞ্চগড়-1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী না থাকায় নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের পক্ষে অবস্থান নিয়েছে দলটি।

এ আসনে সারজিস আলমের ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন বলেও জানা গেছে। বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে।

ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দলীয় প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে উঠে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।

এদিকে ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সারজিস আলমের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Leave a Reply