You are currently viewing দলীয় ভিত্তিতে সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ: জামায়াতের আপত্তি ও প্রতিবাদ

দলীয় ভিত্তিতে সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ: জামায়াতের আপত্তি ও প্রতিবাদ

সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান। তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশন-এ সরকারদলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। জুলাই বিপ্লবের ঘোষিত লক্ষ্য ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তার মতে, এমন প্রেক্ষাপটে দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং এটি স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ইঙ্গিত বহন করে। এতে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

তিনি দলীয় নিয়োগ বাতিল করে অবিলম্বে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

Leave a Reply