হান্নান মাসউদের ওপর হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাল জামায়াত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ–এর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হান্নান মাসউদের গাড়িবহরে হামলা চালায়। এ ঘটনায় হান্নান মাসউদসহ অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন।
তিনি আরও বলেন, সশস্ত্র হামলার এ ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর প্রকাশ্যে হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত বহন করে।
বিবৃতিতে জুবায়ের দাবি করেন, রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশব্যাপী অস্থিতিশীলতা বাড়তে পারে।
তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকরভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
