ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা নিজেই বিষয়টি জানান। সেখানে নেইমারের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা নিয়ে নিজের ব্যক্তিগত মতামতও তুলে ধরেন তিনি।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তখন আনচেলত্তিই আমাকে জিজ্ঞেস করেন, “আপনার কি মনে হয় নেইমারকে দলে রাখা উচিত?” আমি বলেছি, দেখুন, সে যদি পুরোপুরি ফিট থাকে, তাহলে তার ফুটবল দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই।’
গত ২৬ জানুয়ারি ২০২৭ নারী বিশ্বকাপের একটি অনুষ্ঠানে লুলা ও আনচেলত্তির সাক্ষাৎ হয়। আসন্ন নারী বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। ওই অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে ছবি তোলেন। এ সময় প্রেসিডেন্ট লুলা রসিকতার ছলে আনচেলত্তিকে তাঁর প্রিয় ক্লাব করিন্থিয়ানসের কোচ হওয়ার প্রস্তাবও দেন।
