২৪ ঘণ্টার ব্যবধানে দেশের স্বর্ণবাজারে আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাজুস। ঘোষিত নতুন দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি ও বাজার বিশ্লেষণ করেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
