দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্স্টেনকে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএলসি জানায়, কার্স্টেনের সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে, যা চলবে ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত।
কোচ হিসেবে কার্স্টেনের অভিজ্ঞতা দীর্ঘ ও সমৃদ্ধ। তার অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছিল ভারত। ভারতীয় দলের দায়িত্ব শেষ করার পর একই বছর তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ হন এবং ২০১৩ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।
কার্স্টেনের নেতৃত্বে ২০১৩ সালে সব ফরম্যাটের আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন এই অভিজ্ঞ কোচ।
ক্রিকেটার হিসেবে ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন কার্স্টেন। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তার সংগ্রহ ১৪,০৮৭ রান, যার মধ্যে রয়েছে ২১টি টেস্ট ও ১৩টি ওয়ানডে সেঞ্চুরি।
শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়ে এখন তার প্রধান লক্ষ্য ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপকে সামনে রেখে লঙ্কান দলকে শক্তভাবে প্রস্তুত করাই হবে কার্স্টেনের বড় চ্যালেঞ্জ।
