You are currently viewing বিএনপি থেকে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

বিএনপি থেকে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠন পরিপন্থি বক্তব্য এবং কার্যকলাপের কারণে ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়া সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্যত্র ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে।

তবে সোমবার (৯ ফেব্রুয়ারি) ভিডিওটি নিয়ে তার পক্ষে গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান দাবি করেন, বক্তব্য বিকৃত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন— এটি তার নিজের এলাকা এবং তার মনোনীত প্রার্থীকে ভোট দিলে সেটি তাকে ভোট দেওয়ার সমতুল্য হবে, ভোটারদের ভয়ভীতি পাওয়ার কারণ নেই।

পুড়িয়ে দেওয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি দাবি করেন, মঞ্জুরুল আহসান মুন্সীর মানহানি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply