You are currently viewing বিশ্বকাপে খেলছে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে

বিশ্বকাপে খেলছে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে

অনেক জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিকে নিয়ে গঠিত পাকিস্তান জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমোদন দিয়েছে সরকার। আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নেবে।

তবে বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

উল্লেখ্য, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে—এমন গুঞ্জন গত কয়েক দিন ধরে দেশটির গণমাধ্যমে আলোচিত হচ্ছিল। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তুলেছিলেন পিসিবিপ্রধান মহসিন নাকভি।

বিভিন্ন আলোচনা ও সমালোচনার পর অবশেষে এলো পাকিস্তানের চূড়ান্ত ঘোষণা।

Leave a Reply